ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের জনসংখ্যা কমাতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির আহবান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার রাতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দলের এক প্রকাশনার মোড়ক উন্মোচনের সময় খালেদা বলেন, "দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হলে শুধু দিবস পালন করলেই চলবে না। দিবস পালনে জনসংখ্যা নিয়ন্ত্রণ হয় না। এজন্য জনগনকে সচেতন করার কর্মসূচি নিতে হবে।"
বিএনপি চেয়ারপার্সন খালেদার গুলশান কার্যালয়ে রাতে 'বাংলাদেশের উন্নয়নে জনসংখ্যা' বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রকাশনার উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন দলের পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর এম রেজাউল হক।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের জনসংখ্যা কমিয়ে আনার বিষয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদক্ষেপ ও কর্মসূচির কথা তুলে ধরে বলেন, "জিয়া ছিলেন একজন দূরদৃষ্টিসম্পন্ন নেতা। তিনিই দেশের জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করতে সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন।
তিনি অভিযোগ করেন, জনসংখ্যা ও পরিবার পরিকল্পনার ক্ষেত্রে বিএনপির নেওয়া কর্মসূচি '৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতা এসে বাতিল করে দিয়েছিলো। ২০০১ সালে আমরা ক্ষমতায় এসে আবার পদক্ষেপ নিয়েছিলাম।
বিএনপির শাসনামলে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার, মানুষের গড় আয়ু বৃদ্ধির নানা সাফল্যের কথাও তুলে ধরেন খালেদা জিয়া।
অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ বক্তব্য দেন।
এ সময় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা শাহজাহান ওমর, রুহুল আলম চৌধুরী, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, বন ও পরিবেশ সম্পাদক শাহজাহান মিলন, সাংসদ নাজিম উদ্দিন আহমেদ, মহিলা দলের সহসভাপতি রাবেয়া সিরাজ, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন, সহযোগী অধ্যাপক মাইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২২৫ ঘ.
bdnews24