খুলনা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর জেলা সদরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় শিশির ঘোষ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার খুলনার দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. সেকেন্দার আলী এ রায় দেন বলে জানান মামলার আইনজীবী।
পাবলিক প্রসিকিউটর (পিপি) এনামুল হক সাংবাদিকদের জানান, ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর যশোরের ইসহাক আলী সড়ক থেকে শিশিরসহ আরও কয়েকজন দুর্বৃত্ত এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করে। ২৭ সেপ্টেম্বর পুলিশ মেয়েটিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করে।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে যশোরের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে শিশিরসহ সাতজনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়।
রায়ে অপর অভিযুক্তদের বেকসুর খালাস দেওয়া হয়।
এনামুল হক জানান, ধর্ষণ মামলায় শিশিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং অপহরণের মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৩ ঘ.
bdnews24