চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর জুবিলী রোডে হরতালের চিত্র ধারণ করার সময় আওয়ামী লীগ নেতার হাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানের লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জুবিলী রোডের এনায়েতবাজার মোড়ে হরতালে বন্ধ দোকানপাটের চিত্র ধারণ করার সময় এ ঘটনা ঘটে।
চিত্র ধারণ শেষে বাংলাভিশনের চট্টগ্রাম কার্যালয়ের ক্যামেরাম্যান আলী আকবর বাংলাভিশন কার্যালয়ে ফিরছিলেন। এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শের মোহাম্মদের নেতৃত্বে কয়েকজন আলী আকবরকে লাঞ্ছিত করে। তারা আলী আকবরের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
বন্ধ দোকানগুলির একটি শের মোহাম্মদের।
আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে বন্ধ দোকানপাটের ছবি তোলায় শের মোহাম্মদ তার ওপর চড়াও হন।
এ ঘটনার পর চট্টগ্রাম টিভি ক্যামেরাম্যান জার্নালিস্ট এসোসিয়েশনের নেতারা এবং কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করেন।
মহিউদ্দিন চৌধুরী এ ঘটনায় আইনের আশ্রয় নিতে বলেছেন বলে জানান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন জানান।
এ বিষয়ে শের মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএম/পিডি/১৯১৯ ঘ.
bdnews24