গাজীপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদী দূষণের দায়ে গাজীপুরে একটি ডাইং কারখানাকে ১৩ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম।
রোববার সদর উপজেলার কাশিমপুরের কটন ক্লাব (বিডি) লি. নামের কারখানার ওই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এই দণ্ড দেন বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মুনীর চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুন এনফোর্সমেন্ট টিম পরদর্শনে গিয়ে ওই কারখানার তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে। পরে পরিবেশ অধিদপ্তরের নিজস্ব গবেষণাগারে তা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ওই বর্জ্যরে মাধ্যমে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়।
রোববার পরিবেশ অধিদপ্তরের ঢাকা প্রধান কার্যালয়ে কারখানাটির কর্মকর্তাদের ডেকে এ দণ্ড দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৮ ঘ.
bdnews24