ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের দিনে রাজধানীর শ্যামলীর একটি রেস্তোরাঁয় মারামারি করেছে ছাত্রলীগ।
অনুরাগ রেস্তোরাঁয় রোববার বিকাল ৪টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা রেস্তোরাঁকর্মীদের সঙ্গে মারামারি বাঁধায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
তবে ছাত্রলীগ নেতারা মারামারির জন্য রেস্তোরাঁকর্মীদেরই দায়ী করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আলমগীর সারোয়ার মামুনসহ তিন জন রেস্তোরাঁয় খেতে যান।
রেস্তোরাঁয় ওই সময় উপস্থিত কয়েকজন সাংবাদিকদের জানায়, খাবারের বিল ৩১১ টাকা এলেও ছাত্রলীগ নেতারা ১০০ টাকার বেশি না দিতে চাইলে কথা কাটকাটি হয়। একপর্যায়ে তারা রেস্তোরাঁর ব্যবস্থাপককে মারধর করে।
ওই সময় অন্য কর্মচারীরা এলে তাদের সঙ্গে ছাত্রলীগকর্মীদের মারামারি বেঁধে যায়। একটু পরে বিশ্ববিদ্যালয় থেকে আরো ১০ ছাত্রলীগকর্মী এলে রেস্তোরাঁটি বন্ধ করে কর্মীরা পালিয়ে যায়।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনম আহমদুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেস্তোরাঁর লোকজন আমার কর্র্র্মীদের মারধর করেছে। এর সুষ্ঠু বিচার করতে হবে।"
মারামারির খবর পেয়ে পুলিশও সেখানে যায়।
মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, খাওয়া নিয়ে গণ্ডগোলের জের ধরে এ ঘটনা ঘটে।
শ্যামলীর কাছেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার দুপুরে ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/এমআই/১৭২০ ঘ.
bdnews24