২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেন্দিগঞ্জে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় হোসেন আলী ব্যাপারী (৬০) নামের এক শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

বরিশাল, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় হোসেন আলী ব্যাপারী (৬০) নামের এক শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার উপজেলার চর এককরিয়া ইউনিয়নের দাদপুর পূর্বকান্দি গ্রামের বাড়িতে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার হয় বলে জানান মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক খান। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। এসআই ফারুক জানান, শ্বশুর বাড়ি থেকে পাওয়া জমিতে ঘর তুলে সেখানেই থাকতেন হোসেন। দিন শ্রমিক হিসাবে কাজ করতেন তিনি। এসআই ফারুক জানান, ফজরের নামাজ আদায়ের জন্য প্রতিবেশী ফাহিমা বেগম পুকুরে ওজু করতে যান। তখন তিনি হোসেন আলীর ঘরের দরজা ভাঙ্গা দেখতে পান। পরে তিনি নামাজ আদায় করে ওই ঘরে গিয়ে হোসেন আলীর গলা কাটা লাশ মাটিতে পরে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। মেহেন্দিগঞ্জ থানার ওসি জুলফিকার মো. গাজ্জালী বলেন, শনিবার গভীর রাতে কোন এক সময়ে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হোসেন আলীর শ্যালক খালেক বিশ্বাসকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭১০ ঘ.