২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রাকচাপায় দুই বোনের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকের চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতার হামলায় তিন সাংবাদিক এবং এসআইসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 08:32 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

পাবনা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকের চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতার হামলায় তিন সাংবাদিক এবং এসআইসহ আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার নতুনহাট গোল চক্করের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- উপজেলার মানিকনগর পাঠশালা গ্রামের ছলিমপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী আরিফা খাতুন (১৮) ও তার বোন দশম শ্রেণীর ছাত্রী সুস্মিতা (১৪)। তাদের বাবার নাম রাশেদ আলী। ঈশ্বরদী থানার ওসি হানিফুল ইসলাম জানান, আরিফা এবং সুস্মিতা প্রাইভেট পড়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলো। নতুনহাট গোল চক্করের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। চালক পলাতক। ওসি জানান, জনতার হামলায় তিন সাংবাদিক ও ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুলসহ অপর ৭ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪২৮ ঘ.