২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে সেনাশাসন চলছে: সন্তু লারমা

সেনা উত্তরণের নামে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন চলছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লামরা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 06:37 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

রাঙামাটি, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা উত্তরণের নামে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন চলছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লামরা (সন্তু লারমা)। শনিবার রাঙামাটিতে এক সমাবেশে তিনি বলেন, আদিবাসী জুম্ম জনগণ যুগ যুগ ধরে শোষণ নির্যাতনের শিকারে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সেনা উত্তরণের নামে চলছে সেনা শাসন। আদিবাসীদের বাঙালি হিসেবে পরিচিতিকরণ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি, আদিবাসী অধিকারের অস্বীকৃতির প্রতিবাদে জিমনেসিয়াম মাঠে আয়োজিত এ সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সন্তু লারমা অভিযোগ করেন, আদিবাসীদের ভূমি দখল ও অবৈধভাবে বাঙালি অনুপ্রবেশ এখনো অব্যাহত রয়েছে। ভূমি বিরোধ নিষ্পত্তি আইনের আপত্তিসমূহ সংশোধন করা হয়নি। ভূমি কমিশন এখনো অকার্যকর রয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ আইনগুলো আকার্যকর করে রাখা হয়েছে। তিনি সংবিধানে পাহাড়ের জনগণকে আদিবাসী হিসেবে স্বীকৃতি, ইউপিডিএফকে নিষিদ্ধ এবং তিন পার্বত্য জেলায় দলীয়করণ বন্ধ করার দাবি জানান। সন্তু লারমা আরো বলেন, সংবিধানের পঞ্চোদশ সংশোধনীর মাধ্যমে জুম্ম জনগণকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। আদিবাসী জাতিসত্বার অস্তিত্ব বিলীন করে দিতে বাঙালি বানানোর চক্রান্ত করা হচ্ছে। সাংবিধানিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তারা সংগ্রাম চালিয়ে যাবেন বলে জানান। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির জেলা সভাপতি গুনেন্দু বিকাশ চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি উষাতন তালুকদার, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার আহ্বায়ক প্রকৃতিরঞ্জন চাকমা, মানবেন্দ্র নারায়ণ লামরা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ সাবেক সভাপতি উদয়ন ত্রিপুরা পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি নিটোল চাকমা প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জিনেসিয়াম চত্বর থেকে বনরূপা এলাকা ঘুরে আবার জিনেসিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৯ ঘ.