২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় হত্যা মামলার আসামি খুন

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি হত্যা মামলার আসামি খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 05:46 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

নারায়ণগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি হত্যা মামলার আসামি খুন হয়েছেন। শনিবার সন্ধ্যায় ফতুল্লার পাগলার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও ঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে আলী হোসেনের (৩০) গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। গত ১৪ জুন রাতে পাগলা বউবাজারে র‌্যাবের একটি মাদক বিরোধী অভিযান চলাকালে 'সন্ত্রাসী'দের গুলিতে স্কুলছাত্র স্বাধীন আহম্মেদ শুভ (১৪) মারা গিয়েছিল। ওই ঘটনায় দায়ের করা দু'টি মামলার আসামি ছিলেন আলী হোসেন। একটি হত্যা ও একটি র‌্যাবের উপর হামলার মামলা। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাঁও খেয়াঘাটের কাছে আলী হোসেনের লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। তার পরিবারের সদস্যরা লাশটি আলী হোসেনের বলে শনাক্ত করেন। তারা লাশটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তিনি বলেন, বুড়িগঙ্গা নদী কেরানীগঞ্জ থানার মধ্যে পড়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, আলী হোসেন পাগলার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তার খোঁজ করা হচেছ। তবে অনেকেই ভয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করতো না। পুলিশ সুপারিনটেনডেন্ট শেখ নাজমুল আলম বলেন, আলী হোসেন স্কুল ছাত্র শুভ হত্যা মামলার আসামি। পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য খুঁজছিল। তার নিহত হওয়ার বিষয়টি পুলিশের কাছে পরিষ্কার নয়। লাশটি দক্ষিণ কেরানীগঞ্জে উদ্ধার হয়েছে বলে বিষয়টি তারাই তদন্ত করবে। আলী হোসেনের ছোট বোন নীলা আক্তার জানান, বৃহস্পতিবার সকালে আলী হোসেন বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। তিনি এ মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৬ ঘ.