ফেনী, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সদর উপজেলায় নির্বাচনোত্তর সহিংসতায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে দুর্বৃত্তরা মো. কামরুল হাসানকে (২৪) কুপিয়ে আহত করে। শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ জনতা দেড়ঘণ্টা সড়ক অবরোধ করেছে।
কামরুল সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিজয়সিংহ গ্রামের ওবায়দুল হকের ছেলে।
নিহতের মামা জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার পাঁচগাছিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কামরুল ও তার বাবা নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক ও ইউপি সদস্য ইকবাল হোসেনের পক্ষে কাজ করেন। এ কারণে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর ক্ষুব্ধ ছিল।
জাহাঙ্গীর জানান, এর জেরে শুক্রবার রাত ১২টার দিকে ১২/১৩ জন দুর্বৃত্ত পাঁচগাছিয়া বাজারে কামরুলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আশপাশের লোকজন কামরুলকে রক্ষায় এগিয়ে এলে তাদেরও আহত করে।
রাতেই আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কামরুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল মো. ইয়াকুব আলী মিয়া জানান, কামরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। বিকালে কয়েকশ গ্রামবাসী পাঁচগাছিয়ায় ফেনী-মাইজদী সড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
ফেনী থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি। মামলা হলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৭ ঘ.
bdnews24