২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের ২২ বেঞ্চ পুনর্গঠন

হাইকোর্টের ২২টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। রোববার থেকে বেঞ্চগুলো কাজ শুরু করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের ২২টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। রোববার থেকে বেঞ্চগুলো কাজ শুরু করবে। শনিবার প্রধান বিচারপতির হাইকোর্ট বিভাগের সচিব কবির আহমেদ সাংবাদিকদের বলেন, গ্রীষ্মকালীন অবকাশ শেষে পুনর্গঠিত বেঞ্চগুলো কাজ শুরু করছে। প্রথা অনুসারে প্রধান বিচারপতি প্রশাসনিক ক্ষমতাবলে এসব বেঞ্চ গঠন ও পুনর্গঠন করেন। গত ২৪ জুন সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়। পুনর্গঠিত বেঞ্চগুলোর মধ্যে রয়েছে, বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ। এই বেঞ্চকে ফৌজদারি মোশন (নতুন মামলা), ফৌজদারি আপিল মঞ্জুরীর আবেদনপত্র ও তৎসংক্রান্ত জামিনের আবেদন শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক এবং বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত বেঞ্চকেও একই ধরনের এখতিয়ার দেওয়া হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ফারুকের (এম ফারুক) সমন্বয়ে গঠিত বেঞ্চ দেওয়ানী মোশন, শুনানির জন্য প্রথম আপিল (প্রবেট), প্রথম বিবিধ আপিল ও চার লাখ টাকার ঊর্ধ্বমানের প্রথম বিবিধ আপিল শুনানির ক্ষমতা পেয়েছেন। একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চকে। বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ পেয়েছে প্রথম আপিল, প্রথম আপিল (প্রবেট), প্রথম বিবিধ আপিল (প্রবেট), চার লাখ টাকার উর্ধ্বমানের প্রথম বিবিধ আপিল ও দেউলিয়া বিষয়ক আইনের অধীনে আপিলগুলো শুনানির ক্ষমতা। একই ধরনের ক্ষমতা পেয়েছে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহ্মেদ, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মো. আতাউর রহমান খান, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত পৃথক তিনটি বেঞ্চ। বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চকে সেটেলমেন্ট আদালত, শ্রম আদালত ও আটকাদেশ সংক্রান্ত রিট মোশন ও এ সংক্রান্ত বিষয় শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের বেঞ্চকে ২০০৫ সাল পর্যন্ত ফৌজদারি মঞ্জুরীকৃত আপিল, কার্যবিধির ৪৩৯, ৪৯৮ এবং ৫২৬ ধারামতে মোকাদ্দমাসমূহ শুনানির এখতিয়ার দেওয়া হয়। বিচারপতি মো. আবু তারিক ও বিচারপতি সৌমেন্দ্র সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চকে ২০০৬ সাল পর্যন্ত ফৌজদারি মঞ্জুরীকৃত আপিল ও সব জেল আপিল মঞ্জুরীর আবেদনপত্র ও এ সংক্রান্ত রুল ও আবেদনপত্র গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ এবং বিচারপতি শেখ আবদুল আউয়ালের পৃথক একক বেঞ্চ সরকারি জজ ব্যতীত অন্য বিচারকদের ডিক্রি ও আদেশের অনূর্ধ্ব চার লাখ টাকা মানের ডিক্রি ও আদেশের বিরুদ্ধে দেওয়ানী রিভিশন মোকাদ্দমা পরিচালনার ক্ষমতা পেয়েছেন। একই ধরনের আবেদন পরিচালনার দায়িত্ব পেয়েছেন বিচারপতি এস এম এমদাদুল হকের একক বেঞ্চ। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ পেয়েছে ভ্যাট ও কাস্টমস, শ্রম আদালত, এমপিও ও শিক্ষকদের চাকুরি সংক্রান্ত রিট মোশনের এখতিয়ার। বিচারপতি মো. ফজলুর রহমান ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহ এবং বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত পৃথক বেঞ্চকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ সংক্রান্ত মামলা পরিচালনার ক্ষমতা। বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম সমন্বয়ে গঠিত বেঞ্চকে ভ্যাট কাস্টমস, সিকিউরিটিজ ও এক্সচেঞ্চ, শ্রম আদালত ব্যতীত সব রিট শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। দুদক সংক্রান্ত সব রিট, অর্থঋণ আইন ও প্রশাসনিক আদেশ ও চাকরি সংক্রান্ত রিট বিষয়াদির দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চকে। বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চকে দেওয়া হয়েছে ফৌজদারি মোশন (শুধু রোববার) শুনানি ও ২০১০ সালের ফৌজদারি কার্যবিধির ৫৬১ ধারার মামলা পরিচালনার দায়িত্ব। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি রুহুল কুদ্দুসকে ২০০৯ সাল পর্যন্ত ফৌজদারি মঞ্জুরীকৃত আপিল ও তৎসংক্রান্ত জেল আপিল শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯১৩ ঘ.