২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে না

পাঁচ বছরের বেশি সময় পর ছাত্রলীগের সম্মেলন হলেও এতে আংশিক কমিটির ঘোষণা পাবেন কাউন্সিলররা। পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আসবে আরো কয়েকদিন পরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

সুলাইমান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছরের বেশি সময় পর ছাত্রলীগের সম্মেলন হলেও এতে আংশিক কমিটির ঘোষণা পাবেন কাউন্সিলররা। পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আসবে আরো কয়েকদিন পরে। দেশের পুরনো এ ছাত্র সংগঠনের ২৭তম সম্মেলনের আগে এ কথা জানালেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাসানুজ্জামান লিটন। রোববার অনুষ্ঠেয় সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত বলেও জানিয়েছেন তিনি। ছাত্রলীগের এর আগের সম্মেলন হয়েছিলো ২০০৬ সালের ৪ এপ্রিল। দুই বছর অন্তর সম্মেলনের কথা থাকলেও তা হয়নি। এখন পর্যন্ত কাজ করছে মাহমুদ হাসান রিপন ও মাহফুজুল হায়দার চৌধুরীর রোটনের নেতৃত্বাধীন কমিটি। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার সকাল ১০টায় সম্মেলন শুরু হবে। তবে আংশিক কমিটি ঘোষণা হবে সোমবার। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে আরো কয়েকদিন সময় লেগে যাবে।" এর আগের সম্মেলনে প্রথম সংগঠনের নেতা হওয়ার ক্ষেত্রে বয়সসীমা ২৯ বছর নির্দিষ্ট করা হয়। তবে রিপন-রোটন নেতৃত্বাধীন ছাত্রলীগ সমালোচনায় পড়ে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হল দখল আর দরপত্র নিয়ে ছাত্রলীগের সন্ত্রাস বেকায়দায় ফেলে দেয় আওয়ামী লীগকেও। গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছিলেন ছাত্রলীগের প্রধান। ছাত্রলীগের বেপরোয়া কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা ওঠায় ২০০৯ সালের এপ্রিলে ওই দায়িত্ব ছেড়ে দেন তিনি। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি 'শিক্ষা-শান্তি-প্রগতি' এ তিন মূলমন্ত্র নিয়ে পথচলা শুরু ছাত্রলীগের। স্বাধীনতার আগে ছাত্র আন্দোলনে নেতৃত্বের কাতারে ছিলো সংগঠনটি। স্বাধীনতার পর '৯০ এর দশক পর্যন্ত এ ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এরপর ধীরে ধীরে তা ম্রিয়মান হয়ে পড়ে। বিভিন্ন ধরনের অপরাধে ছাত্রলীগ নেতা-কর্মীদের জড়িয়ে পড়া নাজুক হয়ে পড়ে সংগঠনের ভাবমূর্তি। এমনকি এ সরকারের শুরুতে তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পর্যন্ত বলেছেন, ছাত্রলীগের অপকর্মের দায় আওয়ামী লীগ নেবে না। ছাত্রলীগের এবারের সম্মেলন তত্ত্বাবধানের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের মনে করছেন, সংগঠনে রাজনৈতিক প্রশিক্ষণ না থাকাতে এ মেধাশূন্যতা তৈরি হয়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সময় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মতো সংগঠনগুলোতে রাজনৈতিক প্রশিক্ষণের ব্যবস্থা ছিলো। ছাত্রলীগে এখন আর সে ব্যবস্থা নেই। "এর মাধ্যমে যোগ্য ছাত্ররা রাজনীতিতে আসতো। রাজনীতিতে আসার পর আরো যোগ্য হয়ে উঠতো। এখন আর যোগ্য ও মেধাবী শিক্ষার্থীরা রাজনীতি টানে না", বলেন তিনি। সাবেক ছাত্রলীগ সভাপতি কাদেরের এ কথার সত্যতা মেলে বর্তমান নেতাদের বক্তব্যেও। ছাত্রলীগের বর্তমান কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৫ অগাস্ট ধরে দুটি নিয়মিত প্রকাশনা। অর্থ সঙ্কটের কারণে আমাদের আমলে (ছয় বছরে) প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো প্রকাশনা বের হয়নি। অগাস্টে জাতীয় শোক দিবস উপলক্ষে মাতৃভূমি নামে একটি প্রকাশনা মোটমুটি বের হয়েছে। তাও আবার গাঁটের পয়সা গচ্ছা দিয়ে।" এবারের সম্মেলন উপলক্ষেও কোনো প্রকাশনা বের করতে পারেনি সরকার সমর্থক এ সংগঠন। ছাত্রলীগে পাঠাগার সম্পাদক নামে একটি পদ থাকলেও এ পদের দায়িত্বে থাকা নুরুজ্জামান বলেন, "এক কথায় বলতে গেলে, এখানে কেবল পদ ছিলো। কোনো দায়িত্ব ছিলো না। একাধিকবার একটি পাঠাগার তৈরির উদ্যোগ নিলেও তা করা সম্ভব হয়নি।" 'ডিজিটাল' যুগে 'অ্যানালগ' ছাত্রলীগ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে- আওয়ামী লীগের পক্ষ থেকে এ কথা বলা হলেও তাদের সমর্থিত ছাত্র সংগঠনের সক্রিয় কোনো ওয়েবসাইট নেই। বর্তমান সরকার কাজ ক্ষমতায় যাওয়ার পর একাধিক অনুষ্ঠানে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছিলেন ছাত্রলীগ হবে ডিজিটাল বাংলাদেশ গড়ার 'ভ্যানগার্ড'। সংগঠনের নেতারা অবশ্য জানিয়েছেন, ছাত্রলীগের একটি ওয়েবসাইট রয়েছে। তার ঠিকানাও দিয়েছেন তারা- িি.িনংষ২০২১.ড়ৎম। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঠিকানায় ঢোকা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯১০ ঘ.