মৌলভীবাজার, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নির্বাচনোত্তর সহিংসতায় দু'জন আহত হয়েছেন।
এ সময় চারটি বাড়িতে হামলা চালিয়ে দু'টি সিএনজি চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।
উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন গ্রামের রফিকুল ইসলাম (৬০) ও বাদল মিয়া (৩০)। তাদের রাজনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গত ১৮ জুন মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জেরে এ সহিংসতা হয় বলে পুলিশ জানিয়েছে।
রাজনগর থানার ওসি মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান সাতির মিয়া রাত ১২টার দিকে স্থানীয় মুন্সীবাজার থেকে বাড়িতে ফিরছিলেন। ব্রাহ্মণগাঁও গ্রাম দিয়ে ফেরার পথে পরাজিত এক চেয়াম্যান পদপ্রার্থীর কয়েকজন সমর্থক সাতির মিয়ার ওপর হামলা করে।
এ সময় তিনি দৌড়ে বাড়ি ঢূকে পড়েন।
খবর পেয়ে সাতির মিয়ার সমর্থকরা সালেক মিয়ার সমর্থকদের বাড়িঘরে হামলা করে। তারা বাদলের বাড়িতে দু'টি সিএনজি চালিত অটোরিকশা, রফিকুলের বাড়িতে একটি মোটরসাইকেল, হান্নান মিয়া ও আকবর মিয়ার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24