ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের তেল-গ্যাস উত্তোলনে যুক্তরাষ্ট্রের কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন 'গড়বো বাংলাদেশ'।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে গড়বো বাংলাদেশ নামের ওই সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
দাবি আদায়ে আগামী ১২ জুলাই বিকাল ৩ টায় মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। এ দাবিতে গত ৩ জুলাই রাজধানীতে অর্ধদিবস হরতাল করে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গড়বো বাংলাদেশের আহ্বায়ক ড. শাহেদা বলেন, এ চুক্তি ক্ষমতাসীন 'মহাজোট সরকারের নতজানু পররাষ্ট্রনীতি'র ফসলা।
তিনি বলেন, "আমরা দেশের প্রাকৃতিক সম্পদ নিজস্ব ব্যবস্থাপনায় উত্তোলন এবং শক্তিশালী পররাষ্ট্রনীতি চাই।"
এছাড়া শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের লগ্নিকৃত অর্থ মুনাফাসহ ফেরত দেওয়া, গার্মেস্ট শ্রমিকদের ন্যূনতম বেতন ৮ হাজার টাকা করা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন-ভাতা বাড়ানোসহ ৬ দফা দাবি উপস্থাপন করে সংগঠনটি।
গত ১৬ জুন বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি করে সরকার।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনটির মুখপাত্র কামরুল হাসান নাসিম বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/জেকে/২১১২ ঘ.
bdnews24