ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকি দিয়ে বিপুল সংখ্যক ঘড়ির ব্যাটারি ও সিগারেট আনার অভিযোগে হযরত শাহ্জালাল বিমানবন্দরে এক বিদেশি নগারিকসহ দুই জন গ্রেপ্তার হয়েছেন।
তারা হলেন- মো. ইসমাইল হোসেন (৫৫) ও মো.মহিউদ্দিন (৪৮)। এদের মধ্যে ইসমাইল পাকিস্তানের নাগরিক।
বিমানবন্দরের আমর্ড পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, শুক্রবার বিকাল ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। ইসমাইল পাকিস্তানের একটি উড়োজাহাজে দুপুর দুইটায় বিমানবন্দরে নামেন। পরে তার সঙ্গে থাকা কয়েকটি বড় আকারের ব্যাগে তল্লাশি চালিয়ে ২১৬ কার্টন সিগারেট ও ১০ হাজার পিস ঘড়ির ব্যাটারি পাওয়া যায়।
জব্দ করা মালামালের দাম ৮ লাখ টাকা হবে বলে জানান তিনি।
সহকারী পুলিশ সুপার আরো বলেন, ইসমাইলকে জিজ্ঞাসবাদ করে বাহিরে অপেক্ষামান মহিউদ্দিনকে আটক করা হয়। করফাঁকি দিয়ে সিগারেট ও ঘড়ির ব্যাটারি আনার অপরাধে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
অভিবাসন আইন অনুযায়ী, একটি টিকিটের বিপরীতে কর পরিশোধ না করে শুধু এক কার্টন সিগারেট আনার বিধান রয়েছে।
গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০১০ ঘ.
bdnews24