২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নতুন কর্মসূচিতে বিক্ষোভ, গণঅনশন

বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলা, হরতালে নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলা ও নির্যাতনের প্রতিবাদে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলা, হরতালে নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলা ও নির্যাতনের প্রতিবাদে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। শুক্রবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ এবং বুধবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে গণঅনশন। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অনশন কর্মসূচি পালন করা হবে বলে ফখরুল জানান। তিনি বলেন, "সরকার জুলুম-নির্যাতন চালিয়ে গোটা দেশকে অবরুদ্ধ করে রেখেছে। তাদের এই ফ্যাসিস্ট তৎপরতা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।" বুধ ও বৃহস্পতিবার চার দলের ডাকে ৪৮ ঘণ্টার হরতালে 'জনগণের সমর্থন' পঞ্চদশ সশোধনীর প্রতি অনাস্থারই প্রমাণ হয়েছে বলে দাবি করেন ফখরুল। ৬শ' গ্রেপ্তার, আহত ৭শ' মির্জা ফখরুল দাবি করেন, ৪৮ ঘণ্টার হরতালে সারাদেশে বিএনপির ৬শ' নেতা-কর্মী গ্রেপ্তার ও ৭শ' জন আহত হয়েছেন। ভ্রাম্যমাণ আদালতে শতাধিক নেতা-কর্মীকে সাজা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের মুক্তি ও ভ্রাম্যমাণ আদালতে দেওয়া সাজা প্রত্যাহারের দাবি জানান তিনি। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "সরকার দেশটাকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। একজন নির্বাচিত সংসদ সদস্য ও বিরোধী দলীয় প্রধান হুইপকে লাঠিপেটা করে বিএনপিকে স্তব্ধ করা যাবে না।" চার দলের ডাকে ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। এরপর তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করে পুলিশ। বিএনপির পক্ষ থেকে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে গেলে তাও থানা নেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করে বলেন, "যে ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। আমি নিজে তার চিকিৎসার খোঁজ খবর রাখছি। জনগণ সংসদ সদস্যদের কাছ থেকে সুন্দর ও ভদ্র আচরণ আশা করে।" ওই ঘটনা তদন্তে পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ফারুকের ঘটনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, "তাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে, ফারুকের ওপর পুলিশের হামলায় সরকারের অনুমোদন ছিলো।" অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/১৮৩৭ ঘ.