নেত্রকোনা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার মদন উপজেলা সদরে যুবদল ও ছাত্রলীগ একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারী করা হয়েছে।
শুক্রবার ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
এলাকাবাসী জানান, মদন উপজেলা ও পৌর যুবদল শুক্রবার জোবায়দা রহমান মহিলা কলেজ মাঠে তাদের দ্বি-বার্ষিক সম্মেলন আহ্বান করে। এই সম্মেলন সফল করার লক্ষ্যে গত কয়েকদিন ধরে তারা ব্যাপক প্রচার চালিয়ে আসছিল।
এদিকে উপজেলা ছাত্রলীগ এদিন একই স্থানে সমাবেশ আহ্বান করে। এ নিয়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন মদন উপজেলা সদরে ১৪৪ ধারা জারী করে।
মদন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এন আলম বলেন, আমরা সম্মেলনের জন্য গত ৪ জুলাই প্রশাসনের অনুমতি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছিলাম। সম্মেলন বানচাল করার জন্যই ছাত্রলীগ উদ্দেশ্য প্রণোদিতভাবে একই স্থানে সমাবেশ আহ্বান করেছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০৯ ঘ.
bdnews24