২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশেও কড়াকড়ি

অবৈধভাবে অথবা শিক্ষার্থী ও ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার পর সেখানে বৈধ হওয়ার চেষ্টা ঠেকাতে তিনটি 'ভিজিলেন্স টিম' গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে অথবা শিক্ষার্থী ও ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার পর সেখানে বৈধ হওয়ার চেষ্টা ঠেকাতে তিনটি 'ভিজিলেন্স টিম' গঠন করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, এই ভিজিলেন্স টিমের সদস্যরা দুই দেশের বিমানবন্দরসহ প্রবেশপথগুলোতে অভিযান চালাবে। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান, বিএমইটির মহাপরিচালক খুরশীদ আলম চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেন। খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, "বৈধ হওয়ার সুযোগ নিতে নতুন করে যারা যাচ্ছেন, তারা কখনোই বৈধ হওয়ার সুযোগ পাবেন না। কারণ নথিপত্রেই তাদের বিষয়টি ধরা পড়বে। তবে এভাবে গিয়ে যারা ধরা পড়বেন, তারা আর কখনোই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন না। তাদের কালো তালিকাভুক্ত করে রাখা হবে।" মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী প্রায় তিন লাখ বাংলাদেশিকে বৈধ হওয়ার কার্যক্রম আগামী ১১ জুলাই শুরু হবে। মন্ত্রী জানান, বৈধ হওয়ার আবেদনকারীর সংখ্যা বেশি হলে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এ কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা করে নেওয়া হতে পারে। এর বেশি অর্থ কাউকে না দিতেও আবেদনকারীদের প্রতি আহ্বান জানান মোশাররফ। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, শিক্ষার্থী ও ভ্রমণ ভিসাসহ নানা প্রক্রিয়ায় অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে গত এক মাসে ১২ শ' সন্দেহভাজন বাংলাদেশিকে বিমানবন্দরে আটক করা হয়েছে। তাদের কাউকে কাউকে বিমান থেকেও নামিয়ে আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৭৩০ ঘ.