ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, জেলা ও উপজেলায় একটি করে আবাসিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।
কোনো এলাকার বর্ধনশীল এলাকা পযন্ত পরিকল্পিত বহুতলবিশিষ্ট ফ্ল্যাট নির্মাণে পরিকল্পনা মাফিক সরকার কাজ করছে বলে জানান তিনি।
বুধবার জাতীয় সংসদে বেগম ফরিদা রহমানের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, রূপকল্প-২০২১ অনুযায়ী ২০২১ সালের মধ্যে সবার জন্য আবাসন নিশ্চিত করার জর্য বর্তমান সরকার অংঙ্গীকারাবদ্ধ।
বর্তমানে এ মন্ত্রণালয়ের আওতায় বেশ কিছু জেলা ও উপজেলায় স্বল্প ও মধ্যম আয়ের লোকজনদের জন্য সাইট এন্ড সার্ভিসেস প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে জানান মান্নান খান।
এ বিএম গোলাম মোস্তাফার লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ঢাকা মেট্রোপলিটন এলাকায় আবাসন সমস্যা সমাধান, রাজধানীতে জেলা উপজেলা থেকে জনগণের অভিবাবসন এবং দেশের সুষম উন্নয়নের স্বার্থে জেলা শহরহুলোতে সরকারি উদ্যোগে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।
ইতোমধ্যে ঢাকা শহরের আশপাশে বহুতল বিশিষ্ট আধুনিক নাগরিক সুবিধাসম্বলিত একাধিক স্যাটেলাইট টাউন গড়ে কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
"প্রকল্পগুলোতে প্লট ও ফ্ল্যাট উভয়েরই ব্যবস্থা থাকবে। স্যাটেলাইট টাউন নির্মাণ প্রকল্পগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় সম্পন্ন করা হবে।"
একাধিক স্যাটেলাইট টাউন
সারাহ বেগম কবরীর প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী জানান, ঢাকা শহরের আশে পাশে অত্যাধিক জনসংখ্যার চাপ কমানোর লক্ষ্যে ঢাকা শহরের আশেপাশে বহুতল ভবনবিশিষ্ট আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত একাধিক স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।
"ঢাকার চারপাশে স্যাটেলাইট সিটি নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। এরমধ্যে গৃহায়ণ কর্তৃপক্ষ তিনটি ও রাজউক একটি সিটি নির্মাণ করবে। এছাড়া দেশের সুষম উন্নয়নের স্বার্থে পর্যায়ক্রমে জেলা শহরগুলিতে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।"
শান্তি নিবাস
লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্র"ত অনুযায়ী দেশের সব জেলায় সরকারি শিশু পরিবারের পাশাপাশি স্থানে শান্তি নিবাস/বৃদ্ধ নিবাস স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ জন্য জমির সংস্থান ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের উত্তরে তিনি জানান, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারের সংখ্যা ৮৫টি। এ সব শিশু পরিবারের জন্য সরকারের বার্ষিক ২৪ কোটি ৭২ লাখ টাকা ব্যয় হয়।
বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১০-১১ অর্থ বছরে ৪ হাজার ১১৯টি রেজিস্ট্রিকৃত সংগঠনের অনুকুলে ৪ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
দিনের কার্যসূচির শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব হয়। এরপর মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৫৭ ঘ.
bdnews24