ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবনের সামনে বিএনপিকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির সময় আহত পুলিশ কর্মকর্তা হারুণকে দেখতে রাজারবাগ পুলিশ হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বুধবার বিকালে তিনি সেখানে যান। এসময় পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, পুলিশ কমিশনার বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল।
এর প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। এ সময় বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
হাসপাতালে পরিদর্শন শেষে সাহারা সাংবাদিকদের বলেন, সংসদ চলাকালীন সংসদ ভবন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও তারা মিছিল করেছেন। তবে ফারুক আহত হওয়া ঘটনায় কোনো পুলিশ সদস্য অতিরিক্ত কিছু করে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আহত পুলিশ কর্মকর্তা হারুণ অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপিকে মিছিল না করতে অনুরোধ করা হয়েছিলো। কিন্তু তারা তা মানেনি। পরে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়।
"এসময় তাদের হামলায় আমি আহত হই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২১৫১ ঘ.
bdnews24