ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে দুর্নীতির হার কমিয়ে আনতে সর্বক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির ব্যবহার আরো বাড়ানোর আহ্বান জনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাশাপাশি জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসন ও সেবা খাতের কর্মীদের উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বেধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "সরকারিভাবে ডিজিটাল পদ্ধতির ব্যবহার আরো বাড়িয়ে দুর্নীতি শূন্যের কোটায় নিয়ে আসতে হবে।"
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, "জনগণ ট্যাক্স দেয়। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের সবার বেতন হয়। সুতরাং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।"
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্প যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।
সরকারের বিভিন্ন বিভাগ, সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠনসহ শতাধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। মেলায় প্রতিটি মন্ত্রণালয়ের স্টল রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৯১৩ ঘ.
bdnews24