মৌলভীবাজার, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সম্পাসী গ্রামে বুধবার বিকালে দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিন জন আহত হয়েছে।
আহতরা হলেন- সামছুর রহমান (৭৭), জয়নাল মিয়া (৪০) ও রুনু মিয়া (৫০)। এদের মধ্যে গুরুতর আহত রুনু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাসুদ আহমদ ও হাবিবুর রহমানের সমর্থকদের মধ্যে বিকাল সাড়ে ৩টার দিকে সম্পাসী গ্রামে সংঘর্ষ হয়।
গত ৪ জুলাই মোস্তফাপুর ইউনিয়নে নির্বাচন হয়।
নির্বাচন নিয়ে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় হাবিবুর রহমানের সমর্থক জয়নাল ও মাসুদের সমর্থক সামছু ও রুনুসহ তিন জন আহত হন। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24