ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চারদলের ডাকে ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন রাজধানীতে ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাজধানীর বাড্ডা, চকবাজার, শ্যামপুর, কদমতলী, পল্টন ও লালবাগ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। যান চলাচলে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের দুই দিন থেকে এক বছর পর্যন্ত সাজা দেওয়া হয়েছে।
বাড্ডা থানার সহকারী উপ পরিদর্শক মো. শাহজাহান বিডিনিবউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভ্রম্যমাণ আদালত মো. মাহবুব কবির, হাবিবুর রহমান এবং রহমত আলি নামের তিনজনকে তিন মাস করে এবং বদরুল আলম, নিয়ামত উল্লাহ, মো. হালিম ভূইয়া ও মো. সিদ্দিকুর রহমান নামের চারজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
একই থানার সহকারী উপপরিদর্শক শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাহফুজুল ইসলাম নামের একজনকে ৬ মাসের এবং একে মিজান নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লালবাগ থানার ওসি আজিজুল হক জানান, আজিমপুর এলাকায় গাড়ি পোড়ানোর ঘটনায় নূরে আলম এবং মনিরুজ্জামান নামের দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
চকবাজার থানার উপপরিদর্শক মোতালেব মুন্সি জানান, তার এলাকায় মুনির হোসেন, সাদেক হোসেন এবং কামরুজ্জাম নামের তিনজনকে ৭ দিন এবং মোজাফ্ফর হোসেন নামের আরেকজনকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শ্যামপুর থানার সহকারী উপপরিদর্শক সাদেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভ্রাম্যমাণ আদালত শ্যামপুর এলাকায় তোয়াজুল আমীন নামের একজনকে এক মাস এবং জাহেদুল ইসমলাম নামের আরেকজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
কদমতলী থানার উপ পরিদর্শক রেজাউল করিম জানান, রিপন ও হাবিব নামের দুইজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে পিকেটিং করার সময়।
পল্টন থানা এলাকায় রাজিব খান ও বাবুল শেখ নামের দুজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে উপ পরিদর্শক জিল্লুর রহমান জানান।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদে বুধবার থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল শুরু দিয়েছে বিএনপিসহ চারদল। হরতালের আগের দিন মঙ্গলবার থেকেই রাজধানীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত কার্যকর রয়েছে। ওইদিন রাজধানীর বিভিন্ন স্থানে আটজনকে এক মাস থেকে এক বছর সাজা দেওয়া হয়।
গত ১২ ও ১৩ জুন ৩৬ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি। ওই হরতালকে ঘিরে সারা দেশে শতাধিক ব্যক্তিকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। হরতালের আগে বা হরতালের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের ঘটনা সেটিই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জেকে/০১০০ ঘ.
bdnews24