ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের গণতন্ত্র থেকে বাংলাদেশের এবং এদেশের দুর্যোগ ব্যবস্থানা দেখে আমেরিকানদের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তিন স্তর বিশিষ্ট সরকার এবং রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অংশ- আইনপ্রণয়ন, প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে চমৎকার ভারসম্য রয়েছে।
যুক্তরাষ্ট্রের ২৩৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমেরিকা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।
আকবর আলি মনে করেন, বাংলাদেশে 'এক সরকার-এক ব্যক্তির' হাতে ক্ষমতা কেন্দ্রীভূত, যা মোটেও ভারসম্যপূর্ণ নয়।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে 'তলাবিহীন ঝুড়ি' আখ্যায়িত করেছিলেন উল্লেখ করে এই সাবেক উপদেষ্টা বলেন, "স্বাধীনতার ৪০ বছর পর আজ তা ভুল প্রমাণিত হয়েছে। অনেক ক্ষেত্রেই এদেশে গুণগত পরিবর্তন এসেছে। বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশে পরিণত হবার পথে।"
বাংলার কৃষক, শ্রমিক ও প্রবাসীদের কল্যাণেই এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সন্ত্রাসের মূলোৎপাটনে একযোগে কাজ করে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/০২৪৩ ঘ.
bdnews24