২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার খালেদার সঙ্গে বসবেন কৃষ্ণা

ঢাকা সফরে এসে শুক্রবার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সফরে এসে শুক্রবার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের প্রস্তুতি এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য বুধবার বাংলাদেশে আসছেন ভারতীয় মন্ত্রী। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিরোধী দলীয় নেতার সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর সাক্ষাতের সময় ঠিক করা হয়েছে। এই সাক্ষাৎ হবে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে। এ বিষয়ে কৃষ্ণা সোমবার নয়া দিল্লিতে সাংবাদিকদের জানান, আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের প্রস্তুতি হিসেবেই ঢাকা আসছেন তিনি। এছাড়া অভিন্ন নদীর পানি বণ্টন, সীমানা নির্ধারণ, বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে তিনি বৈঠক করবেন। এই সফরে কয়েকটি চুক্তিও হতে পারে বলে আভাস দেন কৃষ্ণা। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পাশাপাশি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গেও তার বসার কথা রয়েছে। এই সফরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ভারত সরকারের সহায়তায় গঠিত বাংলাদেশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের উদ্বোধন করবেন এবং একটি সেমিনারে বক্তব্য দেবেন। এছাড়া তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন এবং বঙ্গবন্ধু যাদুঘর ঘুরে দেখবেন। এমন একটি সময়ে এই ভারতীয় মন্ত্রী ঢাকায় আসছেন, যখন বাংলাদেশ নিয়ে মনমোহনের একটি মন্তব্যে দুদেশেই বিতর্কের সৃষ্টি হয়েছে। গত ২৯ জুন নয়া দিল্লিতে কয়েকটি পত্রিকার সম্পাদকের সঙ্গে এক মতবিনিময় সভায় ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। তবে আমাদের মনে রাখতে হবে যে, অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি জামায়াতে ইসলামীর সমর্থক এবং তারা তীব্র ভারতবিরোধী। অনেক সময় তারা আইএসআইর (পাকিস্তানি গোয়েন্দা সংস্থা) পরামর্শে কাজ করে।" এই মন্তব্যে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। দৃশ্যত বিতর্কের ইতি টানতেই তার এই ফোন কল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ সোমবার রাতে সাংবাদিকদের বলেন, "৬ ও ৭ সেপ্টেম্বর সস্ত্রীক বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর হবে ঐতিহাসিক। সব দিক বিবেচনায় দুই দেশের জনগণের প্রত্যাশাই পূরণ হবে।" দুই দেশের মধ্যে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন মনমোহন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১৫২ ঘ.

এ সম্পর্কিত আরো খবর