২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী নদীতে খনন শুরু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং শুরু হয়েছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং শুরু হয়েছে মঙ্গলবার। 'ক্যাপিটাল ড্রেজিং এবং ব্যাংক প্রটেকশন' প্রকল্পের আওতায় বন্দরের দুই কিলোমিটার উজানে সদরঘাট জেটির ১০০ মিটার ভাটি হতে তৃতীয় কর্ণফুলী সেতুর ৫০০ মিটার উজান পর্যন্ত নাব্য ফিরিয়ে আনতে ৩৬ লাখ ঘনমিটার বালি/মাটি ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করা হবে। বিকালে সদরঘাট জেটি এলাকায় মাটি খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বন্দর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এর ফলে সংশ্লিষ্ট নদী এলাকার গভীরতা ৪ মিটার হবে এবং কর্ণফুলী নদীর মূল দুই খাল চাক্তাই ও রাজাখালী খালের সম্মুখভাগের গভীরতাও বাড়বে। ড্রেজিং ছাড়াও এ প্রকল্পের আওতায় ২ হাজার ৬১৫ মিটার দৈর্ঘ্যের তীর নির্মাণ, মেরিন ড্রাইভ তৈরি এবং সদরঘাট এলাকায় চারশ মিটার লাইটারেজ জেটি নির্মাণ হবে। ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প সম্পন্ন হলে বন্দরের কর্মকাণ্ড সহজ হওয়ার পাশাাপাশি নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমবে বলে ধারণা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ক্যাপিটাল ড্রেজিং ও তীর রক্ষা প্রকল্পের মধ্য দিয়ে বন্দরের দক্ষতা অনেকাংশে বাড়বে এবং বন্দরের জাহাজ জট অনেকাংশে কমে যাবে। এই সরকারের আমলে এই প্রকল্প শেষ করার আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুর-ই আলম চৌধুরী লিটন, সদস্য শামসুল হক চৌধুরী, সাংসদ মইনুদ্দিন খান বাদল, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত জামাল উদ্দিন সাবেহ্, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আদুল মান্নান হাওলাদার, বন্দর চেয়ারম্যান কমডোর এম. আনোয়ারুল ইসলাম। এ বছরের ২৮ এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মালয়েশিয়ান প্রতিষ্ঠান মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং কর্পোরেশনের সঙ্গে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করে। চুক্তি মোতাবেক কাজ শুরুর ৬০০ দিনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং কর্পোরেশন ২২৯ কোটি ৫৪ লাখ ৩৯ হাজার ৬৬ টাকা সর্বনিম্ন দর দিয়ে দরপত্রের মাধ্যমে কাজ করার জন্য নির্বাচিত হয়। বন্দরের নিজস্ব অর্থায়নে এ প্রকল্প পরিচালিত হচ্ছে। ২০০৪-২০০৫ অর্থবছরে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প প্রথম হাতে নেওয়া হয়। ২০০৬ সালের ৮ জুন এই প্রকল্পের দরপত্র মূল্যায়ন প্রতিবেদন নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা অনুমোদন পায়নি। পরবর্তীতে প্রকল্প ব্যয় বাড়িয়ে ৩৭৬ কোটি টাকা নির্ধারণ করা হয়। ২০০৯ সালের ১৯ অক্টোবর নৌ-পরিবহন মন্ত্রণালয় এ প্রকল্প চূড়ান্ত অনুমোদন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১০৩ ঘ.