ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড মামলার আসামি হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ ও অবসরপ্রাপ্ত এএসপি মুন্সী আতিকুর রহমানের বাসার মালামাল জব্দ করেছে পুলিশ।
এই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও বাড়িতে না পাওয়ায় তাদের গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর ধানমন্ডির ১০/এ রোডের ৩১ নম্বর বাড়িতে হানিফের ফ্ল্যাটে এবং রাত ৮টার পর মিরপুর দুই নম্বর সেকশনে মুন্সী আতিকের বাসায় অভিযান চালায় পুলিশ।
ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হানিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং মালামাল ক্রোকের আদেশ আদালত থেকে পাওয়ার পর এই অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি।"
একই ধরনের কথা বলেছেন মীরপুর থানার ওসি ওয়াজেদ আলীও।
"রাত ৮টার দিকে মুন্সী আতিকের বাসায় অভিযান চালানো হলেও তিনি বাসায় ছিলেন না। আমরা তার বাড়ির মালামাল আংশিক জব্দ করেছি। কাল (বুধবার) আবার যাব।"
গত রোববার দুপুরে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। এতে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হানিফ এবং ওই হামলার ঘটনার সময় ঢাকায় সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্বপালনকারী মুন্সী আতিককেও আসামি করা হয়।
সম্পূরক অভিযোগপত্র দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ১৮ আসামিকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। একইসঙ্গে তাদের মালামাল জব্দেরও আদেশ দেওয়া হয়।
ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামান জানান, হানিফের বাসা থেকে জব্দ করা মালামালের মধ্যে এলসিডি টিভি, ফ্রিজ, সোফাসেটসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী রয়েছে।"
মো. হানিফ সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিনের ছোট ভাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০০০৫ ঘ.
bdnews24