ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
বিকাল ৫টা ২৩ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
মো. ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০১০-র প্রাথমিক ফল অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি ৫ কোটি ৭১ লাখ। এর মধ্যে কর্মক্ষেত্রে নিয়োজিত শ্রমশক্তির সংখ্যা ৫ কোটি ৪৫ লাখ এবং কাজ খুঁজছেন এমন শ্রমশক্তির সংখ্যা বা বেকার ২৬ লাখ।
কর্মদক্ষতা অনুযায়ী কাজে নিয়োজিতদের মধ্যে কৃষি ও মৎস্যখাতে দুই কোটি ৫২ লাখ, যোগাযোগ এক কোটি ৩৬ লাখ, পেশাজীবি ২৭ লাখ, প্রশাসনিক ব্যবস্থাপনায় সাত লাখ, করণিক ১২ লাখ, বিক্রয়কর্মী ৮৩ লাখ ও সেবা কাজে নিয়োজিত কর্মী ২৮ লাখ শ্রমশক্তি রয়েছে।
মন্ত্রী আরো জানান, প্রতিবছর বিভিন্ন কর্মক্ষেত্রে প্রায় ১৫ লাখ শ্রমশক্তি শ্রমবাজারে প্রবেশ করে। তবে প্রতি বছর কী পরিমাণ শ্রমশক্তি জাতীয় শ্রমিকবাজার থেকে বিযুক্ত হচ্ছে সে তথ্য পরিসংখ্যান বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য ভাণ্ডারে নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০১১ ঘ.
bdnews24