শরীয়তপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে পুলিশ-জনতা সংঘর্ষে গুলিবিদ্ধ আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহতের নাম আব্দুর রহিম হাওলাদার (২২)। তিনি নরসিংহপুর গ্রামের সোবহান হাওলাদারের ছেলে।
গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রহিম হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে সেখানেই তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।
সখিপুর থানার ওসি ধীরেন চন্দ্র মহাপাত্রও এ মৃত্যুও কথা স্বীকার করেছেন।
রোববার রাতে সংঘর্ষেও সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নরসিংহপুর গ্রামের দুলাল গাজী (২২) এবং হাসপাতালে নেওয়ার পথে আবুল খায়ের চৌকিদার (৬৫) মারা যান।
পুলিশের গুলিতেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা বলছেন। তবে পুলিশ তা স্বীকার করছে না।
নিহত দুলাল গাজী ও আবুল খায়ের চৌকিদারকে শরীয়তপুুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা গোসাইরহাট যুবউন্নয়ন কর্মকর্তা আবুল হোসেন বাদি হয়ে পরাজিত প্রার্থী মমিন দিদারকে প্রধান করে একটি মামলা করেছেন। এতে অপ্সাতনামা ২/৩ হাজার লোককে আসামি করা হয়েছে।
গত রোববার রাত ৯টায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থী দিদার সমর্থকরা ভোট পুনরায় গণনার দাবিতে বিক্ষোভ এবং নির্বাচন কর্মকর্তাদের ওপর হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৯১০ ঘ.
bdnews24