সুনামগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মা।
রেবাবার রাতে রানীগঞ্জ ইউনিয়নের টিয়ারগাঁও গ্রামে অগ্নিদগ্ধ হন সাজিয়া বেগম (২২), ছেলে ইমন (৫) ও মেয়ে ইমনা (৩)। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই ইমন মারা যায়। ইমনার মৃত্যু হয় পরদিন ভোরে।
সোমবার সাজিয়া বেগমকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সাজিয়া বেগমের বাবার বাড়ির অভিযোগ, যৌতুক নিয়ে বিরোধের জেরে সাজিয়া ও তার দুই সন্তানের গায়ে ঘুমন্ত অবস্থায় আগুন লাগিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
অপরদিকে সাজিয়ার শ্বশুরবাড়ির লোকজন বলছে, সাজিয়া নিজেই কেরোসিন ঢেলে আগুন দিয়ে সন্তানদেরসহ আত্মহত্যার চেষ্টা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামনস্তলাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগীর অবস্থা খুবই খারাপ। শরীরের কতভাগ পুড়েছে তা এখনই বলা যাচ্ছে না।
জগন্নাথপুর থানার ওসি সালেহ উদ্দিন আহমদ জানান, এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।
প্রবিবেশীরা জানায়, রোববার রাত আটার দিকে সাজিয়া বেগম তার দুই ছেলেমেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে তাদের ঘরে আগুন পরিবারের লোকজনসহ এলাকাবাসী চিৎকার শুরু করে।
রাতেই অগ্নিদ্বগ্ধ তিনজনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সাজিয়া বেগমের ভাই আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সাজিয়ার উপর শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবরসহ পবিরারের লোকজন নির্যাতন করে আসছিল।
তিনি জানান, প্রায় নয় মাস আগে সাজিয়ার কুয়েত প্রবাসী স্বামী নূরউদ্দিন দেশে এসেছিলেন। তখন তিনি সাজিয়ার বাবার কাছে তিন লাখ টাকা দাবি করে পাননি।
"এর জেরেই হত্যার উদ্দেশ্যে সাজিয়ার শয়নকক্ষে তারা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে," বলেন তিনি।
সাজিয়ার শ্বশুর আস্তর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, সাজিয়া নিজেই তার দুই সন্তনকে নিয়ে আত্মহত্যার জন্য কেরোসিন দিয়ে আগুন লাগিয়েছেন।
তিনি দাবি করেন, বিয়ের পর থেকে সাজিয়া স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করে আসছিল। এ নিয়ে কিছুদিন আগে একটি পারিবারিক সালিসও হয় বলে জানান আস্তর আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/সিএস/ডিডি/২৩২৬ ঘ.
bdnews24