চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাটালি হিল এলাকায় পাহাড় ও দেয়াল ধসে প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিটি বুধবার তাদের প্রতিবেদন জমা দেবে।
প্রবল বর্ষণে গত শুক্রবার ভোরে চট্টগ্রামের বাটালি হিল এলাকায় পাহাড় ও দেয়াল ধসে ১৭ জন নিহত হয়।
ওইদিন বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পাহাড় ও দেওয়াল ধসের প্রাথমিক কারণ অনুসন্ধান করে প্রতিবেদন তৈরির কাজ করছি। আশা করছি বুধবার জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিতে পারবো।"
তিনি বলেন, তদন্ত দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং প্রতিরক্ষা দেওয়াল ভেঙে পড়ার কারণ অনুসন্ধানের জন্য বিভিন্ন জনের মতামত নিয়েছে। প্রাথমিক কারণের বর্ণনা ছাড়াও প্রতিবেদনের প্রয়োজনে একটি টেকনিক্যাল কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হতে পারে।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে গঠিত আট সদস্যের তদন্ত কমিটি সোমবার বিকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।
বাটালি পাহাড় গণপূর্ত বিভাগের, প্রতিরক্ষা দেওয়াল চট্টগ্রাম সিটি করপোরেশনের এবং দুর্ঘটনাস্থলের মালিকানা বাংলাদেশ রেলওয়ের।
কমিটির প্রধান ওয়ার্ড কাউন্সিলর এস এম ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ঘটনাস্থলে গিয়ে প্রতিরক্ষা দেওয়ালের ভেঙ্গে যাওয়া ইট, লোহা, মাটিসহ বিভিন্ন উপাদান সংগ্রহ করেছি। এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছি।"
তিনি জানান, সংগৃহীত বিভিন্ন আলামত পরীক্ষার পরই দেওয়াল ভেঙে পড়ার কারণ জানা যাবে।
শনিবার সিটি করপোরেশনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৫দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১১৯ ঘ.
bdnews24