নারায়ণগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে নদী দখল করে ইটভাটা গড়ে তোলায় এক ব্যক্তির একলাখ টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় বুড়িগঙ্গা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ।
এ সময় ইটভাটা, স'মিল ও জ্বালানি তেলের পাম্প উচ্ছেদ করে পাঁচ একর জমি উদ্ধার করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ তালকুদার ইটভাটা মালিক শফিকুল ইসলামের এক লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে আরো ছিলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকার সদরঘাট নদীবন্দর অফিসের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ, কোস্টগার্ডের পাগলা স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যন্ট ফেরদৌস আহম্মেদ প্রমুখ।
এ সময় পুলিশ, র্যাব ও কোস্টগার্ডের বিপুল সংখ্যক সদস্য তাদের সহায়তা করে।
বিআইডব্লিটিএ'র উপ-পরিচালক মো. শহীদুল্লাহ জানান, বুড়িগঙ্গা নদীর বক্তাবলী খেয়াঘাটের দু'তীরে অবৈধভাবে তিনটি ইটের ভাটা, একটি স'মিল ও একটি জ্বালানি তেলের পাম্প গড়ে উঠেছে। মাটি ফেলে ভরাট করে নদী দখল করে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
তিনি আরো বলেন, শফিকুল ইসলামের ইটভাটার মাটির কিছু অংশ সরানো হয়েছে। অবশিষ্ট অংশ সাত দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। স'মিল মালিক দেলোয়ার হোসেনকেও নদী ভরাট করা অংশ তার নিজ দায়িত্বে কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ তালকুদার বলেন, হাইকোর্টের নির্দেশে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১২ ঘ.
bdnews24