শেরপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবরদী উপজেলার চৈতাজানী গ্রামের স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেপ্তার সাত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ।
সোমবার শেরপুরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম নুরুল আল মো. নিপু এ আদেশ দেন।
হেফাজতে নেওয়া হয়-অভিযুক্ত ধর্ষণকারী শাহ জামালের মা শরুফা খাতুন, দুই মামা আয়নাল হক ও সৈয়দ আলীকে তিনদিন, মেয়েটিকে বহনকারী অটোরিকশা চালক মুসলিম উদ্দিন এবং অপর তিন আসামি বাবুল হোসেন, রকিবুল হাসান রনি ও ময়েজ উদ্দিনকে।
শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক চন্দন চক্রবর্তী জানান, স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। রিপোর্ট সিভিল সার্জন অফিসে জমা দেওয়া হয়েছে।
গত ২০ জুন কুমরী কাটাজান বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী স্কুলে যাওয়ার সময় চৈতাজানী গ্রামের মাদ্রাসার ছাত্র শাহজামাল তাকে ধরে নিয়ে যায়। পরে চেতনানাশক ওষুধ খাইয়ে তিন দিন তাকে নির্যাতন করে। এরপর তার মাথা ন্যাড়া করে বাড়ির সামনে ফেলে রেখে যায়।
ঘটনার ৬ দিন পর ধর্ষিতার বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৪ ঘ.
bdnews24