ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চাঁদনী চক মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই মার্কেটের নির্বাচন কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, তার কারণও জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে সমাজ কল্যাণ বিভাগের মহাপরিচালক, পরিচালকসহ (কার্যক্রম) পাঁচজনকে এর জবাব দিতে বলা হয়েছে।
ওই মার্কেটের ব্যবসায়ী মো. মনির হোসেনের দায়ের করা এক রিট আবেদনে সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
আগামী ১১ জুলাই ওই নির্বাচন হওয়ার কথা ছিলো।
রিট আবেদনকারীর আইনজীবী ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১২ জুন সমাজ কল্যাণ বিভাগের কর্মকর্তা মোসাম্মাদ জুবলি বেগম ওই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আইন অনুযায়ী তিনি এটা করতে পারেন না। আগের কমিটি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করে দেবে।
সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা।
চাঁদনী চকের ব্যবসায়ী সমিতির নাম চাঁদনি চক বিজনেস ফোরাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৭৪২ ঘ.
bdnews24