শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সঙ্গে কথা বলে মনমোহন সিং বাংলাদেশ সম্পর্কে তার মন্তব্যের বিষয়টি ব্যাখ্যা করবেন বলেই মনে করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গওহর বলেন, "ভারতীয় প্রধানমন্ত্রী যে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমাদের প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি ব্যাখ্যা করবেন- তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।"
বুধবার নয়া দিল্লিতে সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন বলেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। তবে আমাদের মনে রাখতে হবে যে, অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি জামায়াতে ইসলামীর সমর্থক এবং তারা তীব্র ভারতবিরোধী। অনেক সময় তারা আইএসআইর (পাকিস্তানি গোয়েন্দা সংস্থা) পরামর্শে কাজ করে।"
সম্পাদকদের সঙ্গে ওই আলোচনার লিখিত রূপ ভারতীয় প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশের পর তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এরপর শুক্রবার বাংলাদেশ প্রসঙ্গ বাদ দিয়ে আলোচনার 'সংশোধিত' রূপ নতুন করে ওয়েবসাইটে দেওয়া হয়।
গওহর রিজভীর দাবি, সম্পাদকদের সঙ্গে মনমোহনের প্রশ্নোত্তরের ওই লিখিত রূপটি তিনি দেখেননি।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। তাছাড়া মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ভালো বন্ধু।
পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস রোববার দুপুরে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে বলে সরকার মনে করে না।
হাই কমিশনারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সচিব বলেন, "আমি হ্যাঁও বলছি না, নাও বলছি না।"
এ বিষয়ে (মনমোহনের মন্তব্য) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশনের বিবৃতি দেখেছেন জানিয়ে মিজারুল বলেন, "প্রতিক্রিয়া জানানোর কোনো যুক্তি আমি দেখছি না।"
সম্পাদকদের সঙ্গে ওই বৈঠকে মনমোহন এও বলেছিলেন- "যে কোনো সময় বাংলাদেশে একটি রাজনৈতিক পরিবর্তন হতে পারে। এসব সন্ত্রাসী গোষ্ঠী কারা তা আমাদের জানা নেই। তাদের ওপর কাদের নিয়ন্ত্রণ আছে, তাও আমারা জানি না।"
এ বিষয়ে শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "দিল্লিতে সম্পাদকদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রীর (মনমোহন) কিছু 'অব দ্য রেকর্ড' মন্তব্য আমাদের নজরে এসেছে। এটা পরিষ্কার করা দরকার যে, প্রধানমন্ত্রীর ওই মন্তব্য কোনোভাবেই (বাংলাদেশ সম্পর্কে) তার মূল্যায়ন নয়।"
অবশ্য ওই আলোচনার লিখিত রূপ প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশের পরপরই তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি সে দেশের প্রভাবশালী ইংরেজি দৈনিক হিন্দুকে বলেন, কোনো দেশের মানুষকেই 'এভাবে' চিহ্নিত করা যায় না। একই ধরনের প্রতিক্রিয়া বিবিসিকে জানান সাবেক হাইকমিশনার দেব মুখার্জিও।
মনমোহনের বাংলাদেশ সফর
গওহর রিজভী বলেন, গত বছর শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী যে যৌথ ঘোষণা দিয়েছিলেন, তার অগ্রগতি পর্যালোচনার একটি সুযোগ পাওয়া যাবে মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়।
চলতি বছরই ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসার কথা রয়েছে, তবে সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।
গওহর রিজভী বলেন, "আমাদের (দুই দেশের) মধ্যে নিয়মিত দাপ্তরিক আলোচনা হচ্ছে। তবে ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের সময় দুই নেতার মধ্যে ওই ঘোষণার অগ্রগতি নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।"
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ১৯৭৫ -এর পর এই প্রথমবারের মতো আওয়ামী লীগ ও ভারতীয় কংগ্রেস একইসঙ্গে প্রতিবেশী দুই দেশের ক্ষমতায় রয়েছে।
"আর আমরা সেই জায়গা থেকেই শুরু করেছি, বঙ্গবন্ধু যে জায়গায় শেষ করে গেছেন।"
গওহর বলেন, যৌথ নদী কমিশনের থমকে থাকা আলোচনা বর্তমান সরকারের সময়ে আবার শুরু হয়েছে। সীমান্ত বিরোধ নিয়ে যৌথ ওয়ার্কিং গ্র"পও আবার সক্রিয় হয়েছে। বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে ইতোমধ্যে একটি চুক্তিও হয়েছে।
এই চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের কাছ থেকে ৫০০ মেগাওয়াট বিদুৎ কিনতে পারবে।
দুই দেশের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়াতেও সরকার কাজ করে যাচ্ছে বলে গওহর রিজভী জানান।
তিনি বলেন, নৌ, সড়ক ও রেলপথের অবকাঠামো উন্নয়ন এমনভাবে করতে হবে, যাতে কেবল ভারত নয়, নেপাল, ভূটান, মিয়ানমার ও চীনের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়।
ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া নিয়ে গত ৪০ বছর ধরে নানাভাবে বিতর্ক ও অজুহাত তৈরি হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হলেই আমরা তাদের এ সুযোগ দেব।"
এ জন্য আশুগঞ্জ নৌবন্দর এবং চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ থেকে অনেক লাভও বাংলাদেশ পাবে।
ট্রানজিট ফির আওতায় বাংলাদেশ নানাভাবে মাশুল আদায় করতে পারবে জানালেও রিজভী সতর্ক করে দিচ্ছেন, এই ফি খুব বেশি হলে প্রতিবেশী দেশগুলো ট্রানজিট ব্যবহারে আগ্রহী নাও হতে পারে। বিশেষজ্ঞ পর্যায়ের একটি কমিটি এই মাশুল নির্ধারণে কাজ করছে।
তিস্তার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মন্ত্রী পর্যায়ের বৈঠকের পরও কোনো কিছু অমীমাংসিত থাকলে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনায় তা ঠিক করে ফেলা সম্ভব।
"আমরা আত্মবিশ্বাসী, বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্যাই পাবে।"
মনমোহনের সফরে অন্য নদীগুলোর পনি বণ্টন নিয়েও আলোচনা হতে পারে বলে আভাস দেন রিজভী। মোট ৫৪টি নদী একইসঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে।
রিজভী জানান, যৌথ জরিপের কাজ শেষ হলে সীমানা বিরোধ এবং ছিটমহল সমস্যা নিয়েও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/০২১৪ ঘ.
bdnews24