২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের বিচার চাওয়ায় ধর্ষণের শিকার

উত্ত্যক্তের বিচার চাওয়ায় ভোলা সদর উপজেলায় এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ভোলা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের বিচার চাওয়ায় ভোলা সদর উপজেলায় এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটলেও লজ্জা এবং প্রভাবশালী ধর্ষণকারীর ভয়ে মামলা করতে পারেনি বলে মেয়েটির পরিবারের দাবি। ভোলা সদরের জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর এই ছাত্রী স্থানীয় ব্র্যাক স্কুলে শিক্ষকতাও করেন। তিনি সদর উপজেলার পশ্চিম ইলিশা হাওলাদারের হাট এলাকার বাসিন্দা। গত ২৫ জুন রাতে ৭/৮ জন দুর্বৃত্ত তাকে অপহরণের পর ধর্ষণ করে। পরদিন বাড়ির সামনে ফেলে রেখে যায়। পরে ভোলা সদর হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি যান। দুর্বৃত্তরা তার একটি পাও ভেঙে দেয়। রোববার সাংবাদিকেিদর কাছে খবর পেয়ে পুলিশ তাদের বাড়ি গিয়ে মেয়েটির জবানবন্দি গ্রহণ করে। রোববার মেয়েটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার মমিন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে অতীষ্ঠ হয়ে তিনি বিষয়টি ওই বখাটের বাবা মাহাবুব তালুকদারকে জানান। এর জেরে গত ২৫ জুন সন্ধ্যায় শহরতলীর পরানগঞ্জে ভাইয়ের বাসা থেকে রিকশায় পশ্চিম ইলিশা হাওলাদারের হাট এলাকায় বাড়ি যাওয়ার পথে ৭/৮ জন সহযোগীসহ মমিন তাকে অপহরণ করে। এ সময় তিনি দৌড়ে পালাতে চাইলে কাঠের আঘাতে একটি পা ভেঙে দেয় তারা। পরদিন তাকে অজ্ঞান অবস্থায় বাড়ির দড়জায় ফেলে রেখে যায়। আরো তিনদিন পর তার জ্ঞান ফেরে। স্থানীয়ভাবে প্রভাবশালী অভিযুক্ত এই দুর্বৃত্তের হুমকির কারণে মেয়েটির পরিবার থানায় মামলা করতে ভয় পাচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। লজ্জায় তার বৃদ্ধ বাবা-মা ঘর থেকে বের হতে পারেন না। তারা দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ভোলা থানার উপ-পরিদর্শক এনামুল হক বলেন, "প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষিতার বাবাকে মামলা করার জন্য বলেছি। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের ব্যবস্থা নিচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৮ ঘ.