২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিটাগাং সিটি আউটার রিং রোড নির্মাণে চুক্তি স্বাক্ষর

'চিটাগাং সিটি আউটার রিং রোড' প্রকল্পের ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট' 'এসমেক'র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'চিটাগাং সিটি আউটার রিং রোড' প্রকল্পের ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট' 'এসমেক'র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সিডিএ'র পক্ষে চেয়ারম্যান আবদুচ ছালাম এবং এসমেক'র (এসএমইসি) পক্ষে দক্ষিণ এশিয়া অঞ্চল-২ এর রিজিওনাল ম্যানেজার মহিউদ্দিন মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন। অনুষ্ঠানে জানানো হয়, ৮৫৭ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৪ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ 'চিটাগাং সিটি আউটার রিং রোড' নির্মাণে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা) ৬৮১ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার ১৭৬ কোটি টাকা ব্যয় করবে। ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করা হবে। অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় নগরীর পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত উপকূলীয় শহর রক্ষা বাঁধের উপর ১৪ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ চার লেইনবিশিষ্ট রাস্তা নির্মাণ করা হবে। নগরীর বিভিন্ন অংশ থেকে যানবাহন প্রবেশের সুবিধার্থে রিং রোডের তিনটি অংশে সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এ সংযোগ সড়কের স্থানগুলো হলো- স্টিলমিল বাজার (ফিডার রোড-১, এক দশমিক ৩১৩ কিলোমিটার), বড়পোল মোড় (ফিডার রোড-২, দুই দশমিক ৫৭৯ কিলোমিটার) এবং সাগরিকা স্টেডিয়াম এলাকা (ফিডার রোড-৩, দুই দশমিক ৯৯ কিলোমিটার)। জমি অধিগ্রহণের জন্য মোট ১৪০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে বলে অনুষ্ঠানে সিডিএ কর্মকর্তারা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফসারুল আমীন বলেন, "প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের যানজট সমস্যার নিরসন হবে।" প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের বিষয়ে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, বর্তমানে শহর রক্ষা বাঁধের উচ্চতা সাত মিটার। প্রকল্পের আওতায় এটি ১০ মিটার উঁচু করা হবে। প্রকল্পের কাজ শেষ হলে বন্যা ও সামুদ্রিক জলোচ্ছাস থেকে চট্টগ্রাম শহর রক্ষা পাবে। ভূমি মালিকদের পূনর্বাসন করা হবে বলেও আবদুচ ছালাম নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/২১৫৬ ঘ.