২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসে নিহত লালমনিরহাটের ৩ জন

চট্টগ্রামের টাইগারপাসে পাহাড় ধসে নিহতদের মধ্যে তিনজন রয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার পাইকারটারী গ্রামের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

লালমনিরহাট, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের টাইগারপাসে পাহাড় ধসে নিহতদের মধ্যে তিনজন রয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার পাইকারটারী গ্রামের। একই পরিবারের এই তিনজন হলেন- আমজাদ হোসেন (৪৫), তার স্ত্রী রাজিয়া বেগম (৪০) ও মেয়ে শারমিন (১৭)। শনিবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি লাশবাহী গাড়িতে কারে তাদের লাশ পাইকারটারী গ্রামে পাঠানো হয়। এ সময় এলাকার কয়েকহাজার মানুষ তাদের বাড়িতে ভিড় করে। পরে স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ তিনটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর টাইগারপাসে পাহাড় ধসে ১৭ জনের মৃত্যু হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবিব এলাকাবাসীর বরাত দিয়ে জানান, আমজাদ হোসেন প্রায় ১৬ বছর ধরে চট্টগ্রাম নগরীতে তৈরি পোশাক কারখানায় চাকরি সুবাদে টাইগারপাস এলাকায় পাহাড়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। বিকালে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০৪৪ ঘ.