খুলনা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দাকোপ উপজেলায় শুক্রবার গভীর রাতে ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলি হয়েছে।
কৈলাশগঞ্জ ইউনিয়নের কাছারীবাড়ী এলাকায় এই গোলাগুলি হয়। এ সময় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
ডাকাতরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি বিদেশি বন্দুক, ২৫ রাউন্ড বন্দুকের তাজা গুলি, একটি ধারালো ছুরি ও চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
দাকোপা থানার ওসি মো. মনির উদ্দীন মোল্লা জানান, রাত ৩টার দিকে কাছারীবাড়ী এলাকায় জয়দেবের মুদি দোকানের সামনের রাস্তায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন খবর পাওয়া য়ায়।
ওসি বলেন, পুলিশ ডাকাতদের দিকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে ডাকাতরাও বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে একটি ট্রলারে করে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.
bdnews24