মাগুরা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলায় দু'টি সড়ক দুর্ঘটনায় শনিবার দু'জনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- জেলা শহরের পুরাতন বাজারের ব্যবসায়ী রাজ্জাক মোল্লা (৬৫) এবং বুজরুক শ্রীকুন্ডি দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী মোক্তার হোসেন (৫০)।
স্থানীয় সাইদুর রহমান জানান- শুক্রবার রাত ১০টার দিকে রাজ্জাক মেল্লা দোকান বন্ধ করে বাইসাইকেলযোগে শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
মাগুরা-ফরিদপুর সড়কের পারনান্দুয়ালী বোর্ড অফিস এলাকায় একটি ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সদর হাসপাতালে শনিবার ভোরে তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয় কলেজ শিক্ষক দেলোয়ার হোসেন জানান, রাতের ডিউটি সেরে শনিবার ভোরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় মাগুরা-নড়াইল সড়কে একটি পিকআপের ধাক্কায় মোক্তার হোসেন ঘটনাস্থলে মারা যান।
মোক্তার হোসেনের বাড়ি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।
সদর থানার এএসআই শ্যামল কুমার জানান, মোক্তারের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৫৭ ঘ.
bdnews24