চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ও জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া পাহাড়ি ঢলে মিরসরাই ও সাতকানিয়া উপজেলায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে নগরীতে প্রবল বর্ষণ শুরু হয়ে চলে শুক্রবার দুপুর পর্যন্ত। এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্তও টানা বৃষ্টি হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ৯টা পর্যন্ত২৪ ঘণ্টায় মোট ১২৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শনিবারও ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, 'মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।'
হারুনুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় প্রবল থাকায় গভীর সঞ্চরনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্তকবার্তায় জানানো হয়, বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, টেকনাফ, কক্সবাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে নগরীর বহদ্দারহাট, হালিশহর, বাকলিয়া, চাক্তাই, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় দুই থেকে তিন ফুট পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী।
এছাড়া বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাই ও সাতকানিয়া উপজেলায় বেশকিছু গ্রাম প্লাবিত হয়। ফলে ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/০১৫৬ ঘ.
bdnews24