২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রধর্ম ইসলাম: মাইনোরিটি সংগ্রাম পরিষদের ক্ষোভ

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখে পঞ্চদশ সংশোধনী পাস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মাইনোরিটি সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 07:56 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখে পঞ্চদশ সংশোধনী পাস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মাইনোরিটি সংগ্রাম পরিষদ। পরিষদের সভাপতি অধ্যক্ষ অশোক তরু বলেছেন, "রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না, রাষ্ট্র সবার। একটি বিশেষ ধর্মকে রাষ্ট্রধর্ম রেখে অন্যান্য ধর্মকে সমমর্যাদা দেওয়া যায় না। " শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা এবং হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের প্রতিবাদে সংগ্রাম পরিষদের আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হওয়া পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম রেখে অন্য ধর্মের সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। সংশোধিত সংবিধানের ২ক) অনুচ্ছেদে এ সম্পর্কিত সংশোধনীতে বলা হয়েছে, 'হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবে।' অশোক তরু বলেন, ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম পরস্পরবিরোধী। হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, হিন্দু পারিবারিক আইন সরাসরি হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত। বিবাহ নিবন্ধন ও পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে পুরুষের পাশাপাশি নারীকে স্বীকৃতি দেওয়া ধর্মীয় হস্তক্ষেপের শামিল। এছাড়া অর্পিত (শত্র") সম্পত্তি আইন বাতিল এবং রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রমের ভূমি ফেরত দেওয়ার দাবি জানান তিনি। মানববন্ধনে অন্যদের মধ্যে পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিহির কুমার সরকার বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/জেকে/০১৪৮ ঘ.