ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেত এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলক্ষেত ওভারব্রিজের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন খোরশেদ আলম (১৭) ও শাহ আলম (১৬)। এদের মধ্যে খোরশেদ বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। তার বাড়ি চাঁদপুরের উত্তর মতলবে।
ঢামেক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান ওই দুই জনকে চাপা দেয়। এতে খোরশেদ ঘটনাস্থলেই মারা যান।
পথচারীরা রাত ৮টার দিকে শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
শাহ আলমের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দুজনের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে এসআই মোজাম্মেল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/জেকে/২৩৩৯ ঘ.
bdnews24