বাগেরহাট, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে স্থানীয় সরকার সহায়ক কর্মসূচির (এলজিএসপি) দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন কাজ শেষ হওয়ার আগেই টাকা তুলে নেওয়া হয়েছে।
অনেকে প্রকল্প শুরুই করেননি, তারাও টাকা তুলে নিয়েছেন।
এই প্রকল্পে অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক। প্রকল্পের নিয়ম অনুযায়ী কাজের শুরুতে ৫০ ভাগ টাকা এবং কাজ শেষ হওয়ার পর বাকি ৫০ ভাগ টাকা উত্তোলন করার কথা।
বরাদ্দ অর্থ ইউনিয়ন পরিষদের (ইউপি) মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হওয়ার কথা। স্থানীয় সরকারকে শক্তিলাশী করার স্বার্থে ইউনিয়ন পরিষদ একজন ইউপি সদস্যকে প্রধান করে প্রকল্প কমিটি গঠনের মাধ্যমে এই অর্থ সরাসরি খরচ করতে পারে। প্রকল্প কমিটিতে সংরক্ষিত নারী আসনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা সদস্য হিসাবে থাকেন।
অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পে বরাদ্দ প্রায় চার কোটি টাকা চলতি অর্থ বছরের শেষ দিন ৩০ জুন অর্থাৎ বৃহস্পতিবার উত্তোলন করা হয়।
বাগেরহাট কালেক্টরেটের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অর্থ বছর শেষ হওয়ার মূহূর্তে মন্ত্রণালয় থেকে উপজেলা প্রশাসনকে টাকা ছাড় করানোর এবং ৩০ জুনের (বৃহস্পতিবার) মধ্যে এই টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয়।
এই সময়ের মধ্যে টাকা তুলতে ও খরচ করতে না পারলে তা ফেরত যাবে। ফলে ইউপি চেয়ারম্যানরা টাকা ফেরত যাওয়ার আশঙ্কায় ব্যাংক হিসাব থেকে বরাদ্দকৃত টাকা তুলে রেখেছেন।
মেহেদী হাছান জানান, বাগেরহাট জেলার নয়টি উপজেলার ৭৫টি ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন কাজের জন্য মোট তিন কোটি ৮০ লাখ ৩৫ হাজার ২৬৬ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই টাকা মন্ত্রণালয় থেকে সরাসরি ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউপি চেয়ারম্যান মণি মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ইউনিয়নের জন্য বরাদ্দ চার লাখ ১২ হাজার ৫০০ টাকা বুধবার উত্তোলন করা হয়েছে। এখনো সেখানে কোনো প্রকল্প শুরু হয়নি। তবে এই টাকায় নয়টি প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে।
শরণখোলা উপজেলার রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, তার ইউনিয়নে আট লাখ সাত হাজার ১১২ টাকা বরাদ্দ এসেছে। এই টাকায় ১২টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্প সভাপতি ইউপি সদস্যদেরকে ৩০ জুনের মধ্যে টাকা তুলে নেয়ার জন্য বলা হয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে তার এলাকার প্রকল্পগুলোর কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি ইউনিয়নের চেয়ারম্যান খান তরিকুল ইসলাম ঝন্টু জানান, তার ইউনিয়নে চার লাখ ১২ হাজার ৫০০ টাকা বরাদ্দ এসেছে। এই টাকায় তিনটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার টাকা উত্তোলন করা হয়েছে। এদিনই শ্রমিকদের অর্ধেক টাকা দিয়ে দেওয়া হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে প্রকল্পগুলো শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মংলা উপজেলার সোনাইলতলা ইউপি চেয়ারম্যান আবু তাহের হাওলাদার জানান, তার ইউনিয়নে বরাদ্দের টাকা চার-পাঁচ দিন আগে ব্যাংক হিসাবে পৌঁছেছে। বৃহস্পতিবার টাকা উত্তোলন করার কথা থাকলেও তিনি তা তোলেননি।
বিভিন্ন সূত্র জানায়, এই প্রকল্পের টাকায় সাধারণতঃ ইউনিয়নের কাঁচা রাস্তায় ইটের সোলিং, ড্রেন, কালভার্ট, কাঠের সেতু নির্মাণ বা সংস্কারের মতো অবকাঠামোগত উন্নয়ন কাজ করা হয়ে থাকে। প্রতিটি ইউনিয়নে গড়ে সাত থেকে নয়টি প্রকল্প বাস্তবায়ন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দর অনুযায়ী ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি নির্মাণ সামগ্রী ক্রয় করে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। এ বছর নির্মাণ সামগ্রীর বাজার দর স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় প্রকল্প বাস্তবায়নের সাফল্য নিয়ে ইউপি সদস্যরা দুশ্চিন্তায় রয়েছেন।
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. আবু সাঈদ মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলজিএসপির আওতায় তিনি কাটাখালী গ্রামে মাটির রাস্তায় ইটের সোলিং করার জন্য ৬৬ হাজার টাকার একটি প্রকল্প পেয়েছেন।
কিন্তু উচ্চ মূল্যে নির্মাণ সামগ্রী কিনে কাজ করতে গেলে তার পকেট থেকে অন্ততঃ কুড়ি হাজার টাকা বেশি ব্যয় করতে হবে। ফলে তিনি এখন প্রকল্পটি পরিবর্তনের চেষ্টা করছেন বলে জানান।
একই কথা বলেন মংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সদস্য মুজিবর রহমান।
তিনি জানান, আমড়াতলা গ্রামে একটি কাঁচা রাস্তার প্রায় চারশ' ফুট ইটের সোলিং করার জন্য ৬২ হাজার টাকা বরাদ্দ পেয়েছেন। কিন্তু এখন দেখছেন ওই টাকায় কাজ শেষ করতে পারবেন না। তাই তিনি এখন কি করবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭১৯ ঘ.
bdnews24