২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তারেক-কোকোকে কেউ রক্ষা করতে পারবে না'

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার দুই ছেলে তারেক ও কোকোর বিরুদ্ধে বিভিন্ন মামলায় শক্ত প্রমাণ রয়েছে। তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 10:28 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার দুই ছেলে তারেক ও কোকোর বিরুদ্ধে বিভিন্ন মামলায় শক্ত প্রমাণ রয়েছে। তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। কামরুল বলেন, বিচার বিভাগ স্বাধীন, নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। আইন তার নিজস্ব গতিতে চলবে। তারেক-কোকোকে আপনারা রক্ষা করতে পারবেন না। সকল অপকর্মের বিচার করা হবে জানিয়ে কামরুল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা শুরু হচ্ছে, তাকেও বাঁচাতে পারবে না। তার বিরুদ্ধেও শক্ত ও অকাট্য প্রমাণ বিদেশে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মৌলবাদী দলগুলো খালেদা জিয়ার উস্কানিতে হরতাল ডাকছে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া মৌলবাদ, জঙ্গীবাদ, ধর্মান্ধ ও সাম্প্রদায়িক শক্তি ও ৭১ এর ঘাতকদের প্রতিনিধি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই খালেদা জিয়া দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাইছেন। বিডিআর-এর (বর্তমানে বিজিবি) ঘটনার মাধ্যমে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। কোন অবস্থাতেই ধর্মান্ধদের ক্ষমতায় আসতে দেয়া যাবে না। খালেদা জিয়ার উদ্দেশ্য কামরুল বলেন, আপনারা আজিজ মার্কা নির্বাচন করতে চেয়েছিলেন। আজিজকে দিয়ে এক কোটি ভূয়া ভোটার করেছিলেন, ইয়াজউদ্দিন মার্কা সরকার গঠন করেছিলেন। ১/১১-এর পর অবস্থা সবাই দেখেছে। তত্ত্বাবধায়ক সরকারের নামে এ ধরণের অবস্থা থেকে সাধারণ মানুষ মুক্তি চায়। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এটা থেকেই বুঝা যায় নির্বাচিত সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এখনও আলোচনার সুযোগ আছে। কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে করা যায় তা আলোচনার মাধ্যমে সমাধানে আসা যায়। তিনি খালেদা জিয়াকে সংসদে আসার আহ্বান জানান এবং ১/১১ থেকে শিক্ষা গ্রহণ করার কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএম/কেএমএস/১৬২৩ ঘ.