২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসুন্দরকে পেটালো পুলিশ

চুল কাটাতে হলে অপেক্ষা করতে হবে বলায় রবীন্দ্র শীল নামের এক নরসুন্দরকে হাত পা বেঁধে পিটিয়ে আহত করেছে মনোহরদী থানার দুই সহকারী উপরিদর্শক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

নরসিংদী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুল কাটাতে হলে অপেক্ষা করতে হবে বলায় রবীন্দ্র শীল নামের এক নরসুন্দরকে হাত পা বেঁধে পিটিয়ে আহত করেছে মনোহরদী থানার দুই সহকারী উপরিদর্শক। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর মনোহরদী বাজারে নিরালা হেয়ার কাটিং নামের সেলুনে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, মনোহরদী থানার এএসআই গাফফার সকাল ১১টার দিকে ওই সেলুনে গিয়ে ওসির চুল কাটার জন্য সেলুন মালিক রবীন্দ্র শীলকে থানায় যেতে বলেন। এ সময় কাজের চাপ থাকায় দু'ঘণ্টা দেরী হবে বলায় এএসআই গাফফার ক্ষিপ্ত হয়ে থানায় ফিরে যান। এক ঘণ্টা পর অপর এএসআই মশিউরকে নিয়ে তিনি আবার সেলুনে যান এবং রবীন্দ্র শীলকে হাত পা বেঁধে প্রহার করেন। এতে রবীন্দ্র শীল গুরুতর জখম হন। এ সময় বাজারের ব্যবসায়ী ও এলাকার শত শত মানুষ দুই এএসআইকে তাড়া করে। ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে উত্তেজিত জনতা থানার রাস্তায় অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে মনোহরদী পৌর মেয়র আলফাজ উদ্দিন ও বাজার কমিটির সভাপতি আবুল কাশেম খোকা মিয়া থানায় গিয়ে বিতর্কিত দুই দারোগাকে বরখাস্ত করার দাবি জানান। এ ব্যাপারে মনোহরদী থানার ওসি সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। ওই দুজনকে বদলী করার সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০১৯ ঘ.