পটুয়াখালী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাউল কবির হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ মিছিল শুরু হয়। এলাকার শত শত নারী-পুরুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বাউল কবিরের স্ত্রী নুরুন্নাহার বেগম ও দুই ছেলে রবিউল এবং মনির মিছিলে যোগ দেন।
কলাগাছিয়া এলাকার সমাজসেবক কামিয়াব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে মোবাইল ফোন চুরির অভিযোগে বাঁশবাড়িয়া গ্রামের শ্বশুর বাড়ি থেকে বাউল কবিরকে ধরে নিয়ে আসে পুলিশের সাবেক কনস্টেবল রুহুল আমিন গাজী।
কবিরের নিজ বাড়ি কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস গ্রামে। সে এলাকায় গান গেয়ে বেড়াতো। উড়নচণ্ডী স্বাভাবের ছিলো সে।
কবিরকে ধরে এনে রুহুল আমিন গাজীর বাড়ির সামনে একটি বটগাছের সঙ্গে বেঁধে পেটানো হয়। গুরুতর আহত হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনার পর থেকেই রুহুল আমিন গাজী পলাতক আছেন। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মঙ্গলবার কামাল গাজী, কবির গাজী, আনোয়ার ব্যাপারী ও হাসান মুন্সিকে আটক করে।
বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে কবিরের মরদেহ কল্যাণকলস গ্রামে নিজ বাড়ি প্রাঙ্গণে দাফন করা হয়েছে।
কবিরের স্ত্রী নুরন্নাহার বুধবার গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গলাচিপা থানার ওসি মো. জিয়াউল হক জানান, রুহুল আমিন গাজীর নির্দেশেই তার ভাগ্নে কামাল গাজী বাউল কবিরকে পেটায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কামাল ১৬৪ ধারায় জবানবন্দীতে নির্যাতনের কথা স্বীকার করেছে বলে জানান ওসি।
তিনি জানান, মূল আসামি রুহুল আমিন গাজী পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আজাদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মূল দুই আসামির একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই রুহুল আসিন গাজীকেও গ্রেপ্তার করা সম্ভব হবে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিরাপরাধ কেউ থাকলে তদন্ত সাপেক্ষে তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮০০ ঘ.
bdnews24