চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানাধীন কদমতলি এলাকায় মাইক্রোবাসের চাপায় মো. জুয়েল (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন দক্ষিণ বিজরা গ্রামের আজু মিয়ার ছেলে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কদমতলী মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস জুয়েলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যান।
এসআই জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় এটিকে আটক বা নম্বর সনাক্ত করা সম্ভব হয় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৫৩০ ঘ.
bdnews24