২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে সরকার'

সংবিধান সংশোধনের নামে সরকার দেশে 'একদলীয়' শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের নামে সরকার দেশে 'একদলীয়' শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তিনি আরো বলেন, ''এর মাধ্যমে দেশকে তারা (সরকার) কেবল অস্থিতিশীলতাই নয়, ব্যাপক অশান্তির দিকে ঠেলে দিচ্ছে।'' মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। খালেদা বলেন, "ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার সংবিধান সংশোধন করছে। আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে হটাতে হবে।'' সেইসঙ্গে 'ব্যর্থ' সরকারের বিরুদ্ধে আন্দোলনে শরিক হতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান তিনি। রাঙ্গামাটি জেলার মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল মনিস দেওয়ানের নেতৃত্বে রাঙামাটির কয়েকজন স্থানীয় নেতা খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। বিএনপি চেয়ারপারসন তাদের অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এর মাধ্যমে দল আরও শক্তিশালী হবে। যোগদানকারীদের মধ্যে রয়েছেন, আইনজীবী নিকোলাস চাকমা, স্থানীয় নেতা প্রভাত রঞ্জন চাকমা, মানস কুমার চাকমা, শৈলেন্দ্র বিকাশ খীসা, কলেজ শিক্ষক মিতায়ন চাকমা ও সমাজসেবক প্রগতি চাকমা। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে খালেদা বলেন, "সরকার একদলীয় শাসনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলছে। পাবর্ত্য চট্টগ্রামের পাহাড়ী ও বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী।'' পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং তার সরকারের আমলে নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন উল্লেখ করেন যে, জিয়াউর রহমানই পাবর্ত্য অঞ্চলের মানুষসহ বাংলাদেশের মানুষকে একই জাতীয়তাবাদে সনাক্ত করতে বলেছিলেন। এ দেশের সবাই আমরা বাংলাদেশী। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, চেয়ারপাসনের উপদেষ্টা ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২১৫ ঘ.