ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ির গোলাপবাগে বাবার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহতের নাম জান্নাতুল ফেরদৌস উপমা (৬)। দুই বোনের মধ্যে বড় উপমার বাসা ২৩/এ গোলাপবাগে।
যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে বাবা আলী উল্লাহর হাত ধরে গোলাপবাগ মাঠের কাছে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই উপমার মৃত্যু হয়।
অটোরিকশাটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮৩৪ ঘ.
bdnews24